ঢাকা: নবী, হজ ও তাবলীগ জামাত সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেয়ার কারণে লতিফ সিদ্দিকীর অব্যাহতি প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লতিফ সিদ্দিকীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। চলার পথে ভুল ত্রুটি হতে পারে কিন্তু আওয়ামী লীগ শোধরাতে জানে। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, ধর্মহীনতায় নয়।’
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ হাসিনা বলেন, ‘লতিফ সিদ্দিকী গর্হিত কাজ করেছেন। তার বক্তব্যে মোসলমানেরা মনে আঘাত পেয়েছেন। এটা গ্রহণযোগ্য নয়। এ জন্য তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’