সিসি নিউজ: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে প্রেমিক-প্রেমিকা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারা হলেন- শারমিন (১৩) ও নুরুন্নবী মিয়া (১৯)। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ফুলছড়ি ইউপির চেয়ারম্যান এম এ সবুর সরকার জানান, প্রেমিক-প্রেমিকা পরস্পর চাচাতো ভাইবোন। পারিবারিকভাবে তাদের এ সম্পর্ক মেনে না নেওয়ার কারণে তারা আত্মহননের পথ বেছে নেয়।
পুলিশ জানায়, উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামের সন্দেশ মিয়ার কন্যা টেংরাকান্দি এমএ সবুর দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণী ছাত্রী শারমিন এবং ফুলছড়ি ইউনিয়নের পারুল গ্রামের মাওলানা আনোয়ার হোসেনের পুত্র এইচএসসি পরীক্ষার্থী নুরুন্নবী মিয়ার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তাদের এ সর্ম্পক অভিভাবকরা মেনে না নেয়ায় তারা খাটিয়ামারির তালতলা বাজারের পাশে একটি গাছের সঙ্গে রশি ঝুঁলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, প্রেমজনিত কারণেই তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।