নাটোর: নাটোরের গুরুদাসপুরে দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে তার ভিডিও ধারণ করেছে তিন বখাটে যুবক। উপজেলার ধানুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার গুরুদাসুপর থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৭ম শ্রেণীর দুই ছাত্রী নাটোর সদর উপজেলার হালসা বাজারের স্টুডিওতে ছবি তুলে বাড়ি ফিরছিলেন। পথে ধানুড়া বগুড়া পাড়ায় পৌঁছলে একই গ্রামের এরফান আলীর ছেলে নাইম (১৭), নজরুল ইসলামের ছেলে জিয়াউল (১৮) ও ওছির উদ্দিনের ছেলে জুয়েল (১৮) তাদেরকে জোরপূর্বক পাশের সিমের মাচার নিচে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইলে সে দৃশ্য ভিডিও করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। ঘটনার শিকার ওই ছাত্রীর মেডিকেল চেক-আপ করা হয়েছে।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, এ ব্যাপারে তিনজনের নামে মামলা হয়েছে। দোষীদের আটক ও ধারনকৃত ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে।