সিসি নিউজ : বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবান, কক্সকাজার, ও রাঙ্গামাটি জেলার ১৪টি উপজেলায় কোনো ভোটার স্থানান্তরিত হতে চাইলে তাকে বিশেষ ফরম পূরণ করতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। বাড়তি নজরদারির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার জানান, এই সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে পৌঁছেছে এবং তারা কাজ শুরু করেছেন।
তিনি বলেন, চিঠিতে বলা হয় এক এলাকা থেকে অন্য এলাকায় ( রোহিঙ্গা অধ্যুষিত ) কোনো ভোটার স্থানান্তরিত হতে চাইলে তাকে বিশেষ ফরম পূরণ করতে বলা হবে। বিশেষ ফরম পূরণের পাশাপাশি তা যাচাই-বাছাই করে স্থানান্তর করতে হবে।’
তিন জেলার উপজেলা গুলো হলো- কক্সবাজার জেলার সদর চকরিয়া, টেকনাফ, রামু, পেকুয়া, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়া; বান্দরবান জেলার সদর, লামা, আলিকদম, নাইক্ষ্যাংছড়ি, রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলা।
উল্লেখ্য, গত ১৫ মে থেকে ছয় মাস ধরে হালনাগাদ কাজ চলছে দেশজুড়ে। ইতোমধ্যে সিটি করপোরেশন এলাকাসহ সারাদেশের পাঁচ শতাধিক উপজেলা ও নির্বাচনী থানায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। শেষ ধাপের নিবন্ধন কাজ শেষ হবে ১৫ নভেম্বর।