দিনাজপুর প্রতিনিধি: জেলার বীরগঞ্জ উপজেলায় বাস ও আটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৩ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে বীরগঞ্জ পৌর শহরের তাজমহল সিনেমা হল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা ৩টি অটোরিকশা ভাঙচুর করেছে। সংঘর্ষের জের ধরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বাস চলাচল করে।
সংঘর্ষে আহত শ্রমিকরা হলেন-দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার মোঃ আলেক মিয়ার ছেলে ওয়াকার পরিবহনের বাসচালক মোঃ শাহিন (৩০), বীরগঞ্জ পৌর শহরের বাস শ্রমিক নেতা গণেশ রায় ও অটোরিকশা চালক সদর উপজেলার টেক্সটাইল এলাকার মৃত তোবারক আলীর ছেলে মোঃ হামিদুর রহমান।
আহত বাসচালক মোঃ শাহিন জানান, বুধবার সকালে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কে একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশা পাশ কাটিয়ে আসার সময় আটোরিকশার পেছনে সামান্য আঘাত লাগে। এর জের ধরে বীরগঞ্জ শহরের তাজমহল সিনেমা হল মোড়ে এসে অটোরিকশা চালকরা বাসটিকে থামিয়ে বাসে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে।
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বীরগঞ্জ শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম জানান, অপরাধীদের গ্রেফতার এবং মহাসড়কে অটোরিকশা, নছিমন, করিমন বন্ধ না করা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। এ দিকে সকাল ১১টা থেকে অবরোধ অব্যাহত থাকায় মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শ্রমিক নেতাদের সাথে তাদের আলোচনা চলছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে। বাস চলাচল স্বাভাবিক হয়েছে।