চট্টগ্রাম: হাতে ব্যান্ডেজ লাগিয়ে ব্যান্ডেজের ভিতর ইয়াবা রেখে অভিনব কায়দায় তা পাচার করার সময় ৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে ৫শ ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার বাজারমূল্য সাড়ে ১৩ লাখ টাকা।
গ্রেপ্তার করা হয় ইয়াবা বহনকারী বাসযাত্রী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাণীরবাজার এলাকার আবুল হোসেনের ছেলে আল-আমিন (৪২) ও কক্সবাজারের টেকনাফের বাদশা মিয়ার ছেলে মো. নুরুল ইসলামকে (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘শুক্রবার গভীর রাতে কর্ণফুলী সেতু এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসে আল-আমিনের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা সে হাতের ব্যান্ডেজে লুকিয়ে রেখেছিল। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল।’
তিনি আরও বলেন, ‘ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা অপর একটি সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে নুরুল ইসলামের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’