বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম হোসেন বাবুল (৪২) নামে এক যুবলীগ নেতা নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম হোসেন বাবুল নিহত হন।
রোববার সকালে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামে বাবুলের উপর এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নিহত বাবুলের ছেলে রাহাত হোসেনকে (২২) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাবুলের ভাই রিপন হোসেন (৩২) এবং প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনকে (৩৪) পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাবুল ও তার ছেলে এবং ভাই স্কুলশিক্ষক রসুল শেখ হত্যা মামলার আসামি বলে পুলিশ জানান। নিহত সেলিম হোসেন বাবুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি বৈলপুর গ্রামের সুলতান শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধরে সেলিম হোসেন বাবুলের সঙ্গে মানসুর ও সবুজ খানের বিরোধ চলে আসছিলো। এরা সবাই স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় তারা এক সঙ্গে চলাফেরা করতেন। কিন্ত কয়েক বছর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এমনকি একে অপরের ওপর হামলা, পাল্টা হামলা চালায় এবং মামলায় জড়িয়ে পড়েন। এরই ধারাবহিকতায় মানসুর ও সবুজ তার লোকজন নিয়ে বাবুলদের ওপর ওই হামলা চালায়। এ হামলার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের বাড়ি বৈলপুর গ্রামে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ননী গোপাল রায় জানান, রক্তাক্ত অবস্থায় সেলিম হোসেন বাবুলকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ জানান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা সেলিম হোসেন বাবুল মারা যান।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, সেলিম হোসেন বাবুলের সঙ্গে মানসুর ও সবুজ খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তার ধারাবাহিকতায় বাবুলের ওপর ওই হামলার ঘটনা ঘটে। উভয়ই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে ওসি জানান।
ওসি মো. আসলাম খান আরো জানান, নিহত বাবুল ২০১২ সালে বৈলপুর গ্রামে স্কুলশিক্ষক রসুল শেখ হত্যার ঘটনায় বিচারাধীন মামলার আসামি ছিলেন। ওসি মো. আসলাম খান জানান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম হোসেন বাবুল মারা গেছে বলে তিনি শুনেছেন।
নতুন বার্তা