রংপুর: মালিক স
মিতি ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জের ধরে শ্রমিক ইউনিয়নের শাখা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রংপুরের সঙ্গে তিন জেলার সব রুটে সোমবার সকাল থেকে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন।
এ ঘটনায় রংপুরের সঙ্গে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটের সড়ক যোগাযোগ বন্ধ আছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেন, “স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রোববার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মানববন্ধন করে। এর ১২ ঘণ্টার মধ্যেই সন্ত্রাসীরা মাহিগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের কার্যালয় ও পিক আপ মালিক সমিতির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে আমরা উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং শ্রমিক ইউনিয়ন ও পিকআপ মালিক সমিতির কার্যালয় ও শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি জানিয়ে এর আগে আমরা বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপিসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। ব্যবস্থা না নেয়া পর্যন্ত রংপুর থেকে লালমনিরহাট পাটগ্রাম, কুড়িগ্রাম, ও গাইবান্ধার সুন্দরগঞ্জ রুট্ অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক, পিকাআপ চলাচলবন্ধ থাকবে।
এ ঘোষণার পর থেকেই গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে যাত্রীবাহী বাস, ট্রাক পিকআপ চলাচলবন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জেলা পিকআপ মলিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানান, কিছুদিন থেকে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গার সঙ্গে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় তারা এই হামলা চালিয়েছে।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলী আজগর পিন্টু জানান, শ্রমিক ইউনিয়ন নিজেরা নিজেরা ঘটনা ঘটিয়ে মোটর মালিক সমিতির ওপর চাপানোর চেষ্টা করছে। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।
এদিকে ধর্মঘটের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সাতমাথা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, সাতমাথায় দুটি অফিস ভাঙচুরের বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।