সিসি নিউজ : বেঁধে দেয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হওয়ায় আজ রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে সম্মিলিত ইসলামী দলসমূহ।২ ২ অক্টোবরের মধ্যে তাকে গ্রেফতারের জন্য সময় বেঁধে দিয়েছিল ইসলামী দলগুলোর এই জোট।
মহানবী (সা.) ও হজ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও তার বিচারের দাবি জানিয়ে আসছে ওই দলগুলো। ২২ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়ে তারা হুমকি দিয়েছিল, এর মধ্যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ২৬ অক্টোবর তারা হরতাল পালন করবে।
গত বুধবার (২২ অক্টোবর) পেরিয়ে যাওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রোববার হরতাল পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন জোটের মহাসচিব জারুল্লাহ খান। এর আগে গত ৩০ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে সরকারকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসলামী দলগুলো।
সংবাদ সম্মেলনে মাওলানা জাফরুল্লাহ খান বলেন, লতিফ সিদ্দিকীর ব্যাপারে সরকার এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, এর সবই ছিল আইওয়াশ। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক হরতাল না, ঈমানি তাগিদে এ হরতাল দেয়া হয়েছে। হরতালে বাধা দিলে ঈমান রক্ষার তাগিদে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দেন তিনি। মাওলানা জাফরুল্লাহ স্বতঃস্ফূর্ত হরতাল পালনে সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।