নওগাঁ : নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের ধারালো অস্ত্রের আঘাতে মামা কালিয়া ভূঁইয়া (৪২) নিহত হয়েছেন। সোমবার বিকালে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কালিয়া ভূঁইয়া উপজেলার পূর্ব তাহেরপুর গ্রামের দেবরাজ ভূঁইয়ার ছেলে। ঘটনার পর গ্রামবাসী ভাগ্নে অরুণ ভূঁইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস ছালাম জানান, সোমবার দুপুরে কালিয়া ভূঁইয়ার বাড়ির পার্শ্বের বাড়ির ভাগ্নে অরুণ ভূঁইয়া সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহ শুরু হয়। এরই এক পর্যায়ে অরুণ ভূঁইয়া ধারালো হাসুয়া দিয়ে মামা কালিয়া ভূঁইয়াকে আঘাত করে।
এতে গুরুতর আহত অবস্থায় কালিয়া ভূঁইয়াকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান কালিয়া ভূঁইয়া। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।