সিসি ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যে ‘ডাইনি’ হিসেবে অভিহিত করে এক নারীকে হত্যা করেছে তার স্বজনেরা। বিবিসি সোমবার এ খবর প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, দুকালহিন বাই নামের ওই নারীকে তার ভগ্নিপতি নকুল প্যাটেল ও পরিবারের অন্য সদস্যরা প্রহার এবং অন্যান্য ধরনের নির্যাতন করে হত্যা করেছে। প্যাটেল অভিযোগ করেছেন, ওই ডাকিনির ‘বান’ মারার ফলে তার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। ভারতের অনেক স্থানে, বিশেষ করে উপজাতীয় অধ্যুষিত এলাকায় ডাকিনিচর্চার কথা শোনা যায় এবং এই অভিযোগে প্রতি বছরই বেশ কয়েকজনকে হত্যা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, মূলত সম্পত্তি দখল করার ষড়যন্ত্র হিসেবেই এসব নারীকে ‘ডাকিনি’ অভিহিত করে হত্যা করা হয়। সর্বশেষ ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের বোমেতারা জেলায়। হত্যার অভিযোগে প্যাটেল এবং অন্য ৯জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী। দুকালহিন বাইয়ের ছেলে অশোক প্যাটেল বিবিসি হিন্দিকে বলেন, ‘আমার মাকে প্রচণ্ডভাবে পেটানো হয়েছিল। তিনি চিৎকার করেছিলেন, কিন্তু গ্রামবাসী কেবল দেখেছে। আমি প্রতিবাদ করেছি, কিন্তু মাকে রক্ষা করতে পারিনি।’ চলতি মাসের প্রথম দিকে বেশ কয়েকটি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট (বর্শা নিক্ষেপক) দেবযানী বোড়া বিবিসিকে জানিয়েছেন, আসামে তার গ্রামেও তাকে ডাকিনি হিসেবে অভিহিত করে প্রচণ্ড প্রহার করা হয়েছিল। নয়া দিগন্ত