• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

রংপুর জাপা কার্যালয় দখলে নিলো এরশাদপন্থীরা

image_104072_0রংপুর:  রংপুর জাতীয় পার্টির এরশাদ ঘোষিত মহানগর কমিটির সদস্য সচিব এসএম ইয়াসিরের ওপর হামলার জের ধরে মঙ্গলবার গভীর রাতে জাতীয় পার্টি কার্যালয় দখল করে নিয়েছে এরশাদ সমর্থিতরা। পরে তারা নগরীতে মিছিল নিয়ে কোতয়ালী থানা ঘেরাও করে।

হামলার শিকার মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম ইয়াসির জানান, রাত সোয়া ১১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় মিঠু হোটেলের গলিতে চারটি মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জন মুখোশধারী সন্ত্রাসী আমার পথ রোধ করে। এ সময় তারা আমার পিঠসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জেলা সদস্য সচিব এইচএম শাহরিয়ার আসিফের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বেলা পৌনে ১২ টায় সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি কার্যালয় দখলে নেয়। এ সময় আশপাশে প্রতিমন্ত্রী রাঙ্গা সমর্থিত কিছু নেতাকর্মী থাকলেও তারা সটকে পড়েন। পার্টি কার্যালয়ে ঢুকে এরশাদ সমর্থিত নেতাকর্মীরা পার্টি অফিস ও এর আশেপাশে মসিউর রহমান রাঙ্গার ছবি সংবলিত সাটানো সকল পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড ভাঙচুর করে। পরে তারা পার্টি অফিসের খোলামাঠে চেয়ার নিয়ে গোল হয়ে বসে থাকে। এক পর্যায়ে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে যোগ দেন মহানগর কমিটির আহত সদস্য সচিব এসএম ইয়াসির। পরে রাত সাড়ে ১২ টার দিকে আসিফ, মোস্তফা ও ইয়াসিরের নেতৃত্বে পার্টি অফিস থেকে একটি মিছিল বের করে। মিছিলে নেতাকর্মীরা রাঙ্গার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি সুপার মার্কেট মোড় হয়ে কোতয়ালী থানা ঘেরাও করে। এ সময় নেতাকর্মীরা  ইয়াসিরের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। পরে বিষয়টি নিয়ে তারা ওসির সঙ্গে কথা বলেন।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং রংপুর জেলা ও মহানগর কমিটি থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে এবং তার হুকুমে ও ক্রসফায়ার তালিকাভুক্ত এবং বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীরা এরশাদ সমর্থিত জেলা ও মহানগর কমিটির নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। তারই ধারবাহিকতায় ইয়াসিরের ওপর হামলা চালানো হয়েছে।এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা পার্টি অফিস রাঙ্গার সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে রাঙ্গার সমস্ত ছবি, সাইনবোড পোস্টার সরিয়ে দিয়েছে।”

মোস্তফা বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আবেদন সন্ত্রাসী রাঙ্গাকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দিন। নইলে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।” এছাড়াও তিনি এরশাদের কাছে রাঙ্গার জাতীয় পার্টির  প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কারের দাবি জানান।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, জাতীয় পার্টি নেতাকর্মীরা থানায় এসেছেন। ইয়াসিরের ওপর হামলার ঘটনায় তারা এজহার দায়ের করছেন। এরপরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ