সিসি নিউজ: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে বরাবরের মতো কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। এছাড়া দলের নেতারা সকলেই এই বিষয়ে সতর্ক। ব্যক্তিগত প্রতিক্রিয়াও জানাতে চাচ্ছেন না তারা।
এ বিষয়ে বিএনপির একাধিক নেতার কাছে জানতে চাইলে তারা বলেন, এ সম্পর্কে কোনো কিছু বলার থাকলে দলের পক্ষ থেকে বলবে। এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় নিয়েও কোনো প্রতিক্রিয়া দেয়া থেকে বিরত ছিলো বিএনপি। এছাড়া এর আগেও মানবতাবিরোধী অপরাধের মামলায় দেয়া একাধিক রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছেন ট্রাইব্যুনাল। জামায়াত ইসলাম ৩ দিনের হরতালও দিয়েছে। বৃহস্পতিবার, রোববার ও সোমবার সারাদেশে এ হরতাল পালন করবে দলটি।