খেলাধুলা ডেস্ক: বুধবার স্থানীয় কাপ সুপারকোপা ডি কাতালনিয়ায় নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
এদিন নির্ধারিত সময়ের খেলায় ১-১ ব্যবধানে সমতা থাকা ম্যাচে বার্সার হৃদস্পন্দন হয়ে ছিলেন লুইস সুয়ারেজ। দলের একমাত্র গোলটিতে স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেকে গোলের বলের যোগান দেন এই উরুগুয়ান ফরোয়ার্ড। অবশ্য প্রথমার্ধের পরই মাঠ থেকে উঠিয়ে নেয়া হয় সাবেক অলরেড তারকাকে।
কামড়কাণ্ডে চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এল ক্লাসিকো দিয়ে মাঠে ফিরেছিলেন সুয়ারেজ। সেই সুয়ারেজ নতুন ক্লাবে নিজের দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলেছেন। মেসি-নেইমারের অনুপস্থিতিতে দলের ত্রাতা ছিলেন তিনি। সেজন্য খেলার মাত্র ১৫ মিনিট না যেতেই জেরার্ড পিকেকে দিয়ে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেজ। অবশ্য সেই লিডটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বার্সা। তাই পেনাল্টি শুট আউটে নির্ধারিত হয় খেলার ভাগ্য। পেনাল্টিতে বার্সার পক্ষে গোল করতে ব্যর্থ হন সান্দ্রো র্যামিরেজ। গোল করেছেন জাভি হার্নান্দেজ, অ্যালেন হ্যালিলোভিচ, অ্যালেক্স গ্রিমাল্ডো ও ইভান রাকিটিচ।