সিসি নিউজ : হরতালে নাশকতা রোধে সব রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতাল সমর্থকরা কোনোভাবেই যাতে জাতীয় সম্পদ রেলকে ধ্বংস করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।
নির্দেশ অনুযায়ী সোমবার রেলমন্ত্রী মুজিবুল হকের নিদেশনায় রেলভবনে রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, রেল সচিব মনসুর আলী সরদার, অতিরিক্ত মহাপরিচালক, সব পরিচারক, ডিভিশনার রেলওয়ের ম্যানাজারসহ সব কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
জামায়াত-শিবির ক্যাডাররা কোনোভাবেই যাতে রেলইঞ্জিন, রেল কোচ, রেললাইনে অগ্নিসংযোগসহ কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে বৈঠকে সে ব্যাপারে সবাই সর্তক থাকার সিদ্ধান্ত নেয়া হয়।
রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন বলেন, ‘রেলপথ মন্ত্রীর নির্দেশে রেল নাশকতা মোকাবেলার প্রস্ততি নিয়েছি। কমলাপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ সকল স্টেশন জিআরপি, আরএনবিসহ আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া টেন ছাড়ার আগে লাইন চেক করে রেল ছাড়া হচ্ছে।’
গত বছর ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত পশ্চিমাঞ্চলের দু’টি স্টেশন ও পূর্বাঞ্চলের তিনটি কোচ পুরোপুরি পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া রেললাইনে ২৫টি স্পটে আগুন ও ফিসপ্লেট খুলে ফেলে রেল চলাচল বাধাগ্রস্ত করা হয়েছে। এতে সব মিলে প্রায় সাড়ে ৮ কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে জামাত-শিবির কর্মীরা।
এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে হরতাল মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।
উল্লেখ্য, একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড এবং আপিল বিভাগে আরেক নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখায় আগামী বুধ ও বৃহস্পতিবার হরতাল পালন করবে দলটি।