সিসি নিউজ: বাংলাদেশ সেনাবাহিনী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর অধীনে তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে। ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)’ নামে এ তিনটি বিশ্ববিদ্যালয়ের নামকরণও চূড়ান্ত করা হয়েছে। একই নামে এ বিশ্ববিদ্যালয়গুলো কুমিল্লা, সৈয়দপুর ও নাটোরের সেনানিবাস এলাকায় স্থাপন করা হবে।
এ ব্যাপারে তিনটি পৃথক প্রকল্প প্রস্তাবও জমা দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এগুলোকে এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইউজিসি এ প্রকল্প প্রস্তাবগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে। এরপরই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরো কয়েক মাস সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ দিকে গত মাসের শেষ সপ্তাহে একটি জাতীয় দৈনিকে ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য ভাইস চ্যান্সেলর, রেজিস্টার, ট্রেজারার,পরীক্ষা নিয়ন্ত্রক,ডেপুটি রেজিস্টার, অ্যাসিসটেন্ট ট্রেজারার, পিএস টু ভিসি এবং সহযোগী অধ্যাপক (টেকনিক্যাল), সহযোগী অধ্যাপক (নন-টেকনিক্যাল), প্রভাষক (টেকনিক্যাল), প্রভাষক (নন-টেকনিক্যাল) পদে প্রথম শ্রেণীর বেসামরিক কর্মকর্তা ও প্রথম শ্রেণীর বেসামরিক শিক্ষক পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ১৬ নভেম্বরের মধ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ নভেম্বর ওই পদের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষার সময় ও তারিখ এমআইএসটির (মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)’ নামে তিনটি বিশ্ববিদ্যালয় নীলফামারীর সৈয়দপুর সেনানিবাস, নাটোরের কাদিরাবাদ সেনানিবাস ও কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠা করা হবে। বিএইউএসটির তিনটি পৃথক প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, মানসম্পন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা নিশ্চিত করতে এগুলো প্রতিষ্ঠা করা হবে। তিনটি প্রকল্প প্রস্তাবের ভাষা ও এর প্রস্তাবনাগুলো প্রায় একই।
ওই তিনটি এরিয়ার কমান্ডারদের উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করা হয়েছে। এখন তাদেরকেই প্রস্তাবিত তিনটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে প্রস্তাব করা হয়েছে।