ঢাকা : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামছুল হক টুকুর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। বুধবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গত জানুয়ারি মাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামছুল হক টুকুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত একটি অভিযোগ আসে দুদকে। অভিযোগে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে কয়েকটি বাড়ি ও ফ্ল্যাটের মালিক হয়েছেন। নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে হাতিয়েছে কোটি কোটি টাকা। ছেলেকে ভিওআইপি ব্যবসার সুযোগ দিয়ে অবৈধভাবে ১৫০ কোটি টাকার মালিক বানিয়েছেন। স্ত্রী, পুত্রবধূসহ আত্মীয়স্বজনের নামে ব্যবসাপ্রতিষ্ঠান করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন। স্ত্রীর নামে কোটি কোটি টাকার বাড়িগাড়ি করে নামমাত্র মূল্য দেখিয়ে বৈধ করার প্রয়াস চালিয়েছেন। সরকারি টাকা ব্যবহার করে নিজের প্রয়োজনে বেশ কয়েকবার দেশের বাইরে ভ্রমণ করেছেন বলেও অভিযোগে বলা হয়।
তবে দুদক সূত্র জানায়, এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করবে না তারা। অনুসন্ধান শেষ হওয়ার পরই প্রকৃত সত্য জানা যাবে।