আন্তর্জাতিক ডেস্ক : শেষ মুহূর্তে অনেক কিছুই ঘটতে পারে। তেমনই রাজনীতির ক্ষেত্রেও অনেক কিছু ঘটে যেতে পারে। তেমনটা না ঘটলে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারে বাংলার মুখ।
রোববার রাইসিনা হিলসে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন আসানসোলের বিজেপি সংসদ সদস্য বাবুল সুপ্রিয়।
বাবুল গত কয়েক দিন ধরেই দুবাইয়ে ছিলেন। সম্প্রতি মুম্বাই ফিরেছেন। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রী নিজেই ফোন করেছেন বাবুলকে।
রোববার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ তথা শপথগ্রহণের দিন তাকে দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর ১টায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে সকালেই সম্ভাব্য নতুন মন্ত্রীদের চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সে জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে বাবুলকে।
পশ্চিমবঙ্গ থেকে এর আগে ২ জন বিজেপি নেতা কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন। অটলবিহারী বাজপেয়ীর আমলে তপন শিকদার এবং সত্যব্রত মুখোপাধ্যায় মন্ত্রী হন। সেই সময় রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি অনেকাংশে ছিল আলাদা। তখন রাজ্যে বিজেপির শরিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু এখন পশ্চিমবঙ্গে বিজেপির লড়াইটাই সরাসরি তৃণমূলের বিরুদ্ধে।
কলকাতা পৌর নির্বাচনের পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটকেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। রাজ্যে একাধিক ইস্যু তথা সারদা কাণ্ড, বাংলাদেশি অনুপ্রবেশ, তৃণমূলের সঙ্গে জঙ্গি ও জামায়াত যোগের প্রশ্ন তুলে প্রতিদিন সুর চড়াচ্ছে বিজেপি। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গেরই একজন বিজেপি নেতাকে কেন্দ্রে বসাতে চাইছে দল।
যদিও বাবুল এ প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি কিছুই জানি না। আমি দলের পদাতিক সেনা মাত্র। দল এবং প্রধানমন্ত্রী যা বলবেন, সেটাই করবো।
বাবুল বিষয়টি স্বীকার করতে না চাইলেও সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার দায়িত্ব পাওয়ার জোর জল্পনা রয়েছে বাবুলের।