বিনোদন ডেস্ক : ইচ্ছা করে ও পরানডারে গামছা দিয়া বান্ধি’_ এ ফোক সঙ্গীতের মতো করেই মনটাকে বেঁধে রেখেছেন আইরিন। তবে গামছা দিয়ে তো অবশ্যই নয়। মডেলিংয়ের জগৎ থেকে এসেছেন চলচ্চিত্রে। কিন্তু চলচ্চিত্র তাকে কী দিয়েছে? দুটি ফ্লপ আর কয়েকটি নির্মীয়মান চলচ্চিত্র ছাড়া? এর জন্যই কি ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় সেরা হাসির খেতাব পেয়েছিলেন? র্যাম্প মডেলিংয়ে না হয় হাসিটুকু ছড়িয়ে দিতে পেরেছিলেন। টানা কয়েক বছর র্যাম্পের সবচেয়ে পরিচিত ও নির্ভরযোগ্য মডেল হিসেবে কাজ করেছেন। প্রচুর শো পেয়েছেন। মাঝে-মধ্যে নাটকেও অভিনয় করেছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন। কিন্তু চলচ্চিত্রে আসার পর ভাগ্যের চাকা উল্টোদিকে ঘুরতে শুরু করল। তারপরও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মিডিয়ায় কাজ করছেন। ২০১৩ সালে মুক্তি পায় দেবাশিষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। তবে দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি চলচ্চিত্রটি। ২০১৪ সালে মুক্তি পায় দেলোয়ার জাহান ঝণ্টুর ছেলে সায়মন জাহানের ‘টাইম মেশিন’ চলচ্চিত্রটি। আইরিনের দ্বিতীয় চলচ্চিত্রটি গ্রাফিঙ্ ও কারিগরি দিক দিয়ে এতটাই দুর্বল ছিল, যে কারণে এটি কোনো প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া সম্ভব হয়নি। পরে এটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এতেও আইরিন উৎরে যেতে পারেননি। ভালোবাসা জিন্দাবাদ মুক্তি পাওয়ার আগেই মোহাম্মদ আলী পারভেজের ‘প্রিয়তমা,
‘তুমি দাঁড়ি আমি কমা’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ফয়সাল রেড্ডির ‘এ কেমন প্রেমের গল্প’ এবং গাজীউর রহমানের ‘সেই তুমি’ চলচ্চিত্রগুলোতে অভিনয় শুরু করেছিলেন। এর মধ্যে চিত্রনায়িকা অাঁচল ও প্রযোজক জুয়েলের প্রেম এবং বিয়ের কারণে আটকে যায় এ কেমন প্রেমের গল্প চলচ্চিত্রটি। বাকি তিনটি কবে মুক্তি পাবে, তা এখনও বলতে পারছেন না চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এদিকে নতুন করে আরও চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। তার মধ্যে অন্যতম হলো_ সাইফ চন্দনের ‘টার্গেট’, জাহিদ রেজার ‘ভালোবাসা, প্রেম নয়’, এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’। এরই মধ্যে প্রেসক্লাবে ঘটা করে জানিয়েছিলেন, মাসুম বাদলের ‘ভয়ঙ্কর রাত’ চলচ্চিত্রে অভিনয় করবেন। কিন্তু হুট করে ফেসবুকের মাধ্যমে জানালেন, তিনি আর এ চলচ্চিত্রে নেই। চলচ্চিত্রটি আর নির্মিত নাও হতে পারে। আইরিন মিডিয়ায় জানিয়েছেন, ভালো গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে চান। এতে যদি বছরে একটি-দুটি কাজ করতে হয়, তাহলেও কোনো সমস্যা নেই। এরমধ্যে তার যে চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সেই দুটি ভারতীয় চলচ্চিত্রের নকল। বাকি যেসব চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও নকলের অভিযোগ শোনা যাচ্ছে। অভিযোগগুলো সত্যি নাকি মিথ্যা তা তো চলচ্চিত্রগুলো মুক্তি পেলেই বোঝা যাবে। এদিকে নাট্য পরিচালক আলভী আহমেদ শুরু করেছেন তার ‘ইউটার্ন’ চলচ্চিত্রের শুটিং। এতে প্রথমে র্যাম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়ার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে নেননি পরিচালক। তার জায়গায় সুযোগ পেয়েছেন আইরিন। এটা তার জন্য অনেক আনন্দের কথা। চলচ্চিত্র বোদ্ধারা বলেন, তার পরিচালকরা বেশিরভাগই নতুন না হয় নাট্য-পরিচালক। চলচ্চিত্রকে হিট বানানোর ক্ষেত্রে যেসব পরিচালকদের ভূমিকা রয়েছে, তাদের সঙ্গে কোনো কাজ করছেন না আইরিন। এভাবে যদি চলচ্চিত্র ফ্লপ হতেই থাকে পরিচালকরা কেন তাকে চলচ্চিত্রে নেবেন_ সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। র্যাম্প তো ছেড়েই দিয়েছেন। চলচ্চিত্র যদি তাকে ছুড়ে ফেলে, কী করবেন তিনি? সেরা হাসির এ মেয়েটির হাসি কি ফুরিয়ে যাবে তাহলে?