ঢাকা: লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪ প্রতিযোগিতায় সেরার মুকুট পরলেন নাদিয়া আফরিন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ ১০ লাখ টাকা, একটি ব্র্যান্ড নিউ কার ও বাংলাদেশের ফেস অব লাক্স হওয়ার সুযোগ।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাজিফা আনজুম। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকা। সেকেন্ড রানার আপ হয়েছেন নীলাঞ্জনা নীলা। পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ তিন লাখ টাকা।
বিচারকদের নম্বর, দর্শকদের ভোট ও আগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন নাদিয়া।
এ বছর মুকুটের সর্বশেষ দাবিদার ছিলেন পাঁচজন। তাঁরা হলেন নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম।
দীর্ঘ সময় ধরে তারা আমূল বদলে ফেলেছেন নিজেদের। নিয়মিত জিম করছেন, ডায়েট করছেন। প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটওয়াক, নৃত্যসহ নানা বিষয়ে। মডেলিং ও অভিনয়ের রঙিন জগতই সবার লক্ষ্য।
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪’র গ্র্যান্ড ফিনালে।