সিসি নিউজ: আজ রোববার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে আসছেন সার্কভুক্ত তিন দেশের রাষ্ট্রদূত। সকালে বিশেষ বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করবেন এবং সড়ক পথে তিন দেশের রাষ্ট্রদূত বুড়িমারী স্থলবন্দরে যাবেন।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) মতিয়ার রহমান জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মি. পঙ্কজ শরন , নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা ও ভুটানের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট রাষ্ট্রদূত কার্যালয়ের কর্মকর্তারা।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, ‘সার্কভুক্ত তিন দেশের রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বুড়িমারী স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন দিক পরিদর্শন ও স্থানীয় আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। এরপর ওই প্রতিনিধি দলটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরও পরিদর্শন করবেন।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান ও পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম সার্কভুক্ত তিন দেশের রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধিদল আসার সত্যতা নিশ্চিত করেছেন।