সিসি নিউজ: দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ মিলেছে মেধাবী সোহাগীর। শুক্রবার সংসদের বিরোধীদলীয় হুইপ মো. শওকত চৌধুরী এমপি সৈয়দপুর শহরের নিজ বাসভবনে মেধাবী সোহাগী ও তার মায়ের হাতে ওই অর্থ তুলে দেন।
শামীমা নাসরিন সোহাগী সৈয়দপুর শহরের কাজীপাড়া মহল্লার দিনমজুর সাইফুল ইসলামের মেয়ে। ভুমিহীণ সাত সদস্যের ওই সংসারে এক মুঠো খাবার যোগান দিতে মা আফরোজা বেগম অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। সোহাগীর মা জানায়, প্রতিবেশীর দয়ায় দেয়া একটু জমিতে ঝুপড়ি ঘর তুলে ছেলে-মেয়েদের নিয়ে কোন রকমে দিনাতিপাত করছি। তবুও মেয়ের পড়াশোনার আগ্রহ দেখে তাকে উৎসাহ দিয়েছি সবসময়। সোহাগীর ভালো ফলাফলের জন্য স্কুল ও কলেজ শিক্ষকদের একান্ত সহযোগিতার কথা তিনি বারবার উল্লেখ করেন।
সৈয়দপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে সোহাগী এবারের এইচএসসি পরীক্ষার জিপিএ ৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে। উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এতে ভর্তির সুযোগ মিলে দিনাজপুর মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যলয়ে। মেডিকেল কলেজে পড়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সোহাগী। কিন্তু ভর্তি জন্য মাত্র ১৫ হাজার টাকার প্রয়োজন। আর সেই অর্থ না মেলায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে মেধাবী সোহাগী।
অর্থাভাবে সোহাগী উচ্চ শিক্ষা হতে বঞ্চিত হচ্ছে- এমন খবর পেয়ে বিরোধীদলীয় হুইপ মো. শওকত চৌধুরী এমপি যোগাযোগ করেন সোহাগীর পরিবারের সাথে। ডেকে নেন তার নিজ বাসায়। মেডিকেলে ভর্তির বিষয়ে খোঁজখবর নিয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা তিনি সোহাগীর পরিবারের হাতে তুলে দেন। এছাড়া তিনি পড়াশোনার খরচের জন্য প্রতি মাসে অর্থ দেয়ার কথা জানান।
এ সময় এমপি পত্নী মাহবুবা খাতুন রুনু, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকার, বাঙ্গালীপুর ইউপি’র ডা. শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুর ইউপি’র এনামুল হক চৌধুরী ও খাতা মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, জাতীয় যুব সংহতি সৈয়দপুর পৌর শাখার যুগ্ন আহবায়ক মোহাম্মদ রাকিব উপস্থিত ছিলেন।