ঢাকা: ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এ মত বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই মতবিনিময় সভায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার ইউনিট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের কর্মস্থল থেকে সজীব ওয়াজেদ জয় দেশে ফেরেন।
জানা গেছে, ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও জয় এবার বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও অংশ নেবেন। এর মধ্যে আজ মঙ্গলবার ইউনিয়ন তথ্যসেবার বিষয়ে ‘তথ্য অ্যাক্সেস’ এর একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ১৪ নভেম্বর রাজধানীতে একটি সুধী সমাবেশে অংশগ্রহণ করারও কথা রয়েছে তার।
এছাড়া ১৫ নভেম্বর এ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের ক্যারিয়ার গঠন, দক্ষতা, পেশাগত উন্নয়ন, দেশপ্রেম ও মানুষের সেবায় তরুণদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক একটি কর্মসূচিতেও অংশ নেবেন।