দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র দুই ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসির পদত্যাগের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগ্রম পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ শেষে ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন ও ছাত্র পরামর্শ বিভাগের পরিচালকের কুশপুত্তলিকা দাহ করে। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয়।শিক্ষার্থীদের অব্যাহত কর্মসূচী পালনের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা মিথ্যা অভিযোগে বহিষ্কৃত দুই ছাত্র নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ভিসির পদত্যাগ ও ঘটনার সাথে জড়িত মূল অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তাদের দাবী না মানা পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলে সমাবেশে জানায় শিক্ষার্থীরা।
কর্মসূচী চলাকালে নবাগত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রলীগ হাবিপ্রবি সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সদস্য সচিব রফিকুল ইসলাম, এসএম জাহিদ হাসান, সাকিবা তাবাসসুম হক, মনিরুল ইসলাম মনি, মামুন-উর রশিদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর হাবিপ্রবির ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিষ্কার করে। এর পর থেকে ছাত্রলীগসহ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।