সিসি নিউজ: আদালতের আদেশ বাস্তবায়ন না করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুণ অর রশিদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আদেশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসির বিরুদ্ধে রুল জারি করেন আদালত।
সূত্রে আরো জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাফিজুর রহমানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরি হতে বরখাস্ত করেছিল। পরে তিনি হাইকোর্টে একটি রিট করলে আদালত ওই বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন এবং বরখাস্তের এ আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল।
পরবর্তীকালে হাফিজুর রহমান আদালতের আদেশ নিয়ে চাকরিতে যোগদান করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার যোগদান গ্রহণ করেনি এবং বেতন-ভাতাসহ পূর্বের কোনো সুযোগ সুবিধা দেয়নি।
এরপর হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের আদেশ না মানার কারণে মামলা দায়ের করলে আজ হাইকোর্ট ভিসির বিরুদ্ধে রুল জারি করেন।