ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, ‘প্রত্যেক রাজনীতিবিদের উচিৎ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ ধারণ করা।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব পরিষদ আয়োজিত ‘উপমহাদেশের রূপকার মহাত্মা গান্ধীর জীবন হোক আমাদের প্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সতীশ চন্দ্র রায় বলেন, ‘গান্ধীজি ভারতবর্ষকে স্বাধীনতা দিতে গিয়ে ত্যাগের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন আদর্শ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তিনি এটাও ভেবেছেন একটি স্বাধীন দেশ ছাড়া কিছু অর্জন সম্ভব নয়। তাই গান্ধীর নেতৃত্বেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে।’
তিনি বলেন, ‘আমরা গান্ধীর ত্যাগ ও আদর্শকে ধারণ করতে পারি না। বিদেশি পোশাক না পড়লে আমাদের ভালো লাগে না। অথচ গান্ধীজি নিজের দেশের তৈরি পোশাক ছাড়া পড়েননি। আমাদেরও উচিৎ বিদেশি পোশাক বর্জন করা।’
তিনি বিএনপি সম্পর্কে বলেন, ‘বিএনপি নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ স্বাধীকার আন্দোলনের সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।’
দেশের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়োর দেশ। আর ২০৪১ সালে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- চলচ্চিত্র নির্মাতা মোশাররফ হোসেন, ডা. খন্দকার মোহম্মদ এমদাদুল হক সেলিম, ভালুকার উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।



