সিসি নিউজ: ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডারকে নিয়ে বার্ষিক প্রীতিমিলনী রবিবার ব্যাংকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রীতিমিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনের প্রধান মোহাম্মদ শহিদুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনিয়োগ কর্মকর্তা সাদেকুল ইসলাম, পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ইলিয়াছ আলী, সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ। প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের হত-দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নতি, সামাজিক ভারসাম্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি যুগান্তকারী কর্মসূচী গ্রহণ করেছে।