দিনাজপুর প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়কে পল্লীশ্রী আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করেন অক্সফার্ম বাংলাদেশ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুমতাজ হাসান। জেলা চেঞ্জমেকার এলায়েন্স’র সভাপ্রধান শাহ্ মোঃ শাহ্জাহানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন অক্সফ্যাম থেকে আগত অস্ট্রেলিয়ার কারিনা নোলন, শ্রীলংকার নিলু গুনাসেকারা, সাউথ আফ্রিকার জেনিফার বেলস্, অক্সফ্যাম বাংলাদেশের নুসরাত, সাবেক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধা রাণী বাগচি, পল্লীশ্রীর ওয়ার্কিং টিমের কো-অর্ডিনেটর সুরাইয়া আখতার, পল্লীশ্রীর শাহানাজ পারভীন।
বক্তারা বলেন, মেয়ে শিশু ও নারীর প্রতি বৈষম্য সর্বক্ষেত্রে বিরাজমান, যা ঘরে-বাইর, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্মস্থলে সর্বদা বিদ্যমান। বৈষম্য মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। এ কারণে মেয়ে শিশু ও নারীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নির্যাতনের স্বীকার হচ্ছে। বাল্য বিয়ে একটি সামাজিক অপরাধ। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সাধারণ জনগণ সোচ্চার হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
মানববন্ধন সুশিল সমাজ, এনজিও, মডেল ভিলেজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা চেঞ্জমেকার এলায়েন্স, নার্সিং ইনষ্টিটিউট, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।