সিসি নিউজ: আগামী ১৫ ডিসেম্বর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বেতন ও চাকরি কমিশন-২০১৩’ প্রতিবেদন দাখিল করা হবে। কমিশনে প্রতিবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিন এর তারকা চিহ্নিত প্রশ্ন ৫৮১-এর জবাবে মন্ত্রী একথা বলেন। হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে ব্যাংক রেট কমে যাওয়ার কারণে সঞ্চয়পত্রের সুদের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের যৌক্তিকতা সরকার পরীক্ষা করে দেখছে। মো. ফরিদুল হক খান এর তারকা চিহ্নিত প্রশ্ন ৫৮২-এর জবাবে মন্ত্রী বলেন, বিদেশে অর্থ পাচার রোধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সার্বক্ষণিকভাবে কার্যকর রয়েছে। তবে বাংলাদেশ হতে এ পর্যন্ত কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার তথ্য বিএফআইইউতে নেই। এ বিষয়ে বিভিন্ন দেশের সাথে সমঝোতা স্মারক সম্পাদনের চেষ্টা অব্যাহত আছে। সমঝোতা স্মারক সম্পাদিত হলে অর্থ পাচার সম্পর্কিত তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।