সিসি ডেস্ক: এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় ৮১ বছর ও ৭৮ বছর বয়সী দুই পরীক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। এদের একজন আশরাফুল কারিম। তার রোল নম্বর- ৪৩১৮। প্রবেশপত্র অনুযায়ী, তার জন্ম তারিখ ৪ মার্চ ১৯৩৩। সে অনুযায়ী, তার বর্তমান বয়স ৮১ বছর ৯ মাস।
আরেকজন নুসরাত জাহান ঐশী। তার রোল নম্বর- ৪৩৩০। প্রবেশপত্রে তার জন্ম তারিখ ছাপা হয়েছে ১৩ মে ১৯৩৬। সে অনুযায়ী, ঐশীর বর্তমান বয়স ৭৮ বছর ৬ মাস। তারা দু’জনেই ফেনীর দাগনভূঞা উপজেলার ইম্পিরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
গত রোববার সারাদেশে একযোগে পিএসসি পরীক্ষা শুরু হয়। প্রথম দিন দাগনভূঞা উপজেলার করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই দুই পরীক্ষার্থীর সন্ধান পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ বলেন, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সফটওয়্যারের ত্রুটির কারণে এমনটি হয়েছে। শিক্ষার্থীর মার্কসিট দেওয়ার সময় আমরা এটা অবশ্যই শুদ্ধ করে তার মূল জন্ম তারিখ বহাল রাখব। এ জন্য অভিভাবক বা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে কিছু করতে হবে না।