খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ২৫৭ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের বিনিময়ে ২৩৫ রান করেছে জিম্বাবুয়ে। এতে ২১ রানে জয় পেল টাইগাররা।
এর আগে স্বাগতিক বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা কিন্তু ভালো ছিল না। শুরুতেই একে একে চার উইকেট হারিয়ে বিপর্যয়ের পড়ে বাংলাদেশ। অবশেষে মাহমুদুল্লাহর সঙ্গে প্রথমে মুশফিক ও পরে মাশরাফির জুটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রানে পৌঁছায় টাইগাররা।
টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (১৬)। ১৩তম ওভারের মধ্যে আউট হন অপর ওপেনার এনামুল হক (৫) এবং ইমরুল কায়েস (৫) ও সাকিব আল হাসান (১)।
পঞ্চম উইকেটে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের জুটি প্রথম প্রতিরোধ গড়ে। শেষ পর্যন্ত ১৩৪ রানের জুটি গড়ে ৩৮ ওভারের তৃতীয় বলে দলীয় ১৬৬ রানে আউট হন মুশফিক। নিজের রান তখন ৭৭।
১১ রানের ব্যবধানে ফিরে যান সাব্বির রহমান (৪) ও আবুল হাসানও (১)। ১৭৭ রানে ৭ উইকেট হারানোর পর মাহমুদুল্লাহ ও মাশরাফির ৬৫ রানের জুটি আবার স্বাগতিকদের কক্ষপথে ফেরায়। এরপর দলীয় ২৪২ রানে আউট হন মাশরাফি। তার আগে ২৫ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। রুবেল হোসেন ৭ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৮২ রানে অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত।
জিম্বাবুয়ের পেসার সোলোমন মায়ার তিনটি উইকেট শিকার করেন। এ ছাড়া নেভিল মাজিভা ও তাফাগজাওয়া কামুনগোজি দুটি করে উইকেট নেন।