গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অঞ্জনা বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী শামীম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে অঞ্জনার পরিবার গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করে।
বৃহস্পতিবার রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। রাতেই লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল ওয়াহেদের মেয়ে অঞ্জনার সঙ্গে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের ইদ্রিস আলীর ছেলে শামীম মিয়ার এগারো মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো।
এছাড়া শামীম মাঝে মধ্যেই অঞ্জনাকে শারীরিক নির্যাতন করত। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর কথা কাটাকাটির একপর্যায়ে শামীম অঞ্জনাকে মারধর করার পর শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজান ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে অঞ্জনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অঞ্জনার স্বামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।