অর্থ-বাণিজ্য ডেস্ক : ‘মোবাইলে একাধিক সিম ব্যবহার করা গেলেও একজন ব্যাক্তি সিমগুলো থেকে একটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে একাধিক অ্যাকাউন্ট (হিসাব) খুলতে পারবেন না। ইতোমধ্যে যাদের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেকোন একটি চালু রেখে বাকিগুলো বন্ধ করে দিতে হবে।’
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে। মোবাইল ব্যাংকিং এ বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে এ নির্দেশনা দেয়া হয়েছে।
মোবাইল ব্যাংকিং এ প্রজ্ঞাপনে বলা হয়, একজন গ্রাহক একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক/সাবসিডিয়ারির একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর ইতোমধ্যে যে সকল গ্রাহক কোন একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক/সাবসিডিয়ারির একাধিক অ্যাকাউন্ট খুলেছেন তাদের একটি অ্যাকাউন্ট সচল রেখে বাকি অ্যাকাউন্টসমূহ অবিলম্বে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, বর্তমানে ১৯টি ব্যাংক দেশের মধ্যে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যাদের গ্রাহক সংখ্যা প্রায় ২২ লাখ। আর এজেন্ট রয়েছে ৫ লাখ ১৬ হাজারেরও বেশি। মোবাইল ফোন অপারেটরও রয়েছে ছয়টি।