দিনাজপুর প্রতিনিধি : ফসলের লাভজনক দাম, সরকারী ক্রয়কেন্দ্র চালু, ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের অনিয়ন-হয়রানী-দূর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবীতে কৃষকবন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তেঁতুলিয়া থেকে কক্সবাজার পর্যন্ত কৃষকবন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটি।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব সামনের সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলার উদ্যোগে প্রায় ঘন্টাব্যাপী কৃষক বন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা শাখার সভাপতি বদিউজ্জামান বাদল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়া রাম রায়, কৃষক নেতা আবুল কালাম আজাদ, ইকবাল হাসান সিদ্দিকী, সবিতা রাণী রায়, খন্দকার আশরাফুজ্জামান, আজিজুল ইসলাম, ছাত্রনেতা ফিরোজ সরকার প্রমুখ।
বক্তারা জানান, আমরা ধান, গম, পাট, ভূট্টা, সবজিসহ ফসলের লাভজনক দাম চাই। অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ফসল ক্রয় করার দাবী জানান। বক্তারা সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরনের দাম কমানো, সবজি সংরক্ষনের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মান করা, বিএডিসিকে সচল, পল্লী রেশন ও শস্যবীমা চালু, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম হয়রানী ও দূর্নীতি বন্ধ করার জোর দাবী জানান।
একই দাবীতে কৃষক সমিতি জেলার বীরগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় কৃষক বন্ধন কর্মসূচী পালন করেছে।