রংপুর: রংপুরে বিটিসিএল’র ইন্টারনেট গ্রাহকরা চরম দূর্ভোগে পড়েছে। বিগত ২ দিন থেকে তারা কোনভাবেই ইন্টারনেট সংযোগ পাচ্ছেনা। ফলে অনলাইন ভিত্তিক সব রকম সেবা থেকে বঞ্চিত হয়ে বসে থাকতে হচ্ছে। এতে চরম বিড়ম্বনায় পড়েছে তারা।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে বিটিসিএল’র গ্রাহকরা ইন্টারনেটে কোন ধরনের কাজ করতে পারছেন না। ব্রাউজ করতে গেলেই সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। শুক্রবার সকালে মাঝে মাঝে সংযোগ পেলেও বিকাল থেকে এ অবস্থা শোচনীয় পর্যায়ে পৌছায়। আজ শনিবার এ সংযোগ একেবারেই বিচ্ছিন্ন রয়েছে। ফলে ইন্টারনেট ভিত্তিক কাজগুলো মুখ থুবরে পড়েছে।
এ বিষয়ে বিটিসিএল’র রংপুর কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কোথায় কি সমস্যা হয়েছে তা জানা যায়নি। তবে কাজ চলছে। আগামীকাল নাগাদ ঠিক হবে। এ ব্যাপারে ঢাকায় যোগাযোগ করা হলে তারা জানায় সার্ভারে সমস্যা হয়েছে। আজ দুপুরের মধ্যে সমাধান করা সম্ভব হবে।
উল্লেখ্য, এমনিতেই উত্তরাঞ্চলের লোকজন সবধরনের প্রযুক্তিগত সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে সবসময়ই পিছিয়ে আছে। তার উপর একটু স্বাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা পাওয়ার ক্ষেত্রেও এই বিড়ম্বনায় তারা আরও পিছিয়ে যাচ্ছে। প্রমথ থেকেই লো স্প্রীড অবস্থায় থাকলেও সম্প্রতি তা একেবারেই দূর্বিসহ পরিস্থিতিতে ফেলেছে গ্রাহকদের।