সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া রাজধানীর কমলাপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে ৫শ শয্যার জেনারেল হাসপাতাল উন্নীত করা সহ রেলওয়ের আরো ৩টি হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত করা হচ্ছে। সেই সাথে রেলওয়ের তত্বাবধানে থাকা এই হাসপাতালগুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে সাধারণ মানুষকে চিকিসা সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানা যায়, সৈয়দপুর রেলওয়ে হাসাপাতাল ছাড়াও ঢাকার কমলাপুর, পাকশী ও চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় হবে। এ ব্যায় নির্বাহের জন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দু’টি বহির্বিভাগ উদ্বোধনের সময় রেলওয়ের হাসপাতালকে ৫শ’ শয্যায় উন্নীত করার নির্দেশ দেন। ১৯৮৬ সালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত চিকিসা সুবিধা রেখে এই হাসপাতালটি চালু করা হলেও তেমন রোগী নেই। শুধুমাত্র অবহেলার কারনেই এই হাসপাতালটি রুগ্ন হতে বসেছে। এ অবস্থায় হাসপাতালটি জেনারেল হাসপাতালে উন্নীত করা হলে মতিঝিল, শাহজাহানপুর ও মালিবাগ এলাকার মানুষ উন্নত চিকিসা সুবিধা পাবে।
প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার আলোকেই স্বাস্থ্য মন্ত্রণালয় অব্যবহৃত কমলাপুর রেলওয়ে হাসপাতালে সাধারণ মানুষের সেবা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরপর পর্যায়ক্রমে অন্য হাসপাতালগুলো পরিদর্শন পূর্বক সেগুলোকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় এনে মেডিক্যাল কলেজে উন্নীত করা হবে।