রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় পার্টির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ারসহ জেলা নেতৃবৃন্দ গাড়িতে করে উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড়ে আসেন। তাদের স্বাগত জানানোকে কেন্দ্র করে মোকাম্মেল চৌধুরী গ্র“পের সঙ্গে সাবলু চৌধুরী গ্র“পের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
ওসি আরো জানান, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এক ঘণ্টাব্যাপী দু গ্রুপের সংঘর্ষে আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ১০ জন নেতা কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।