কুষ্টিয়া : স্বাধীনতার ৪৩ বছর পর কুষ্টিয়ার খোকসা-কুমারখালী সীমান্তবর্তী গ্রাম ডাসার জিকে খালের রাস্তার উপর থেকে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধার গণকবর স্থানান্তর করা হয়েছে। রাস্তার উপর থেকে কবর সরিয়ে পাশেই জিকের জমিতে তাদের দাফন করা হয়।
এলাকাবাসী জানান, পুরাতন গণকবর থেকে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, গোপাল, লুৎফর, ইকবাল ও আনছারের দেহাবশেষ শুক্রবার উত্তোলন করা হয়। যুদ্ধের সময় তারা শহীদ হওয়ায় তাদেরকে জিকে খালের রাস্তার ওপর গণকবর দেওয়া হয়েছিলো।
তাদের দেহাবশেষ তুলে কাফনের নতুন কাপড় পরিয়ে জানাজার নামাজ শেষে ১৫ ফুট দূরে জিকে খালের জমিতে নির্মিত স্মৃতিস্তম্ভের পাদদেশে তাদেরকে কবর দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা দেহাবশেষ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
দেহাবশেষ স্থানাস্তরের সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন, সহকারী কমান্ডার সাহাব উদ্দিন, খোকসা, কুমারখালী ও শৈলকুপার কমান্ডার, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদ মুক্তিযোদ্ধা কুদ্দুসের ভাই আজম হোসেন বলেন, ‘স্বাধীনতার ৪৩ বছর পর আমার ভাইসহ পাঁচ মুক্তিযোদ্ধার সমাধি রাস্তার উপর থেকে সরিয়ে একটি ভাল কাজ করলো মুক্তিযোদ্ধা কমান্ড। দেশের সব গণকবর এভাবে সংরক্ষণ করা উচিত।’ শহীদদের গণকবর স্থানান্তর করতে পেরে সন্তোষ প্রকাশ করেন যুদ্ধকালীন কমান্ডার লুৎফর রহমান।
উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে ২২ জুলাই মুক্তিযোদ্ধাদের একটি দল ডাসা চাষী ক্লাবে রাজাকার ক্যাম্পে হামলা চালায়। সূর্যোদয়ের আগে রাজাকার কমান্ডার খেলাফত আলীর ছেলে মুুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এ সময় ঘটনাস্থলেই পাঁচ মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন আরো আট মুক্তিযোদ্ধা। সেদিন সকালে রাজাকার কমান্ডারের নির্দেশে ডাসায় জিকে খালের রাস্তার পাশে মুক্তিযোদ্ধাদের গণকবর দেওয়া হয়।