আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিদেশিদের ওপর ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মত তালেবানের প্রাণঘাতী বোমা হামলার পর পদত্যাগ করেছেন কাবুলের পুলিশ প্রধান।
জেনারেল জহির জহির তার পদত্যাগের কোনো কারণ জানাননি বলে জানিয়েছেন তার মুখপাত্র হাসমাত স্টানেকজাই।
তিনি বলেন, “আমরা কেবলমাত্র এটুকুই নিশ্চিত করে বলতে পারি যে, তিনি আর পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন না”।
শনিবার ত্রাণকর্মীদের ব্যবহৃত একটি গেস্টহাউসে তালেবান হামলায় তিন দক্ষিণ কোরীয় এবং এক আফগান নিহত হয়। গত ১০ দিনে এটি তৃতীয়দফা হামলার ঘটনা।
এ ব্যাপারে রোববারই টিভিতে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট আশরাফ গনির। গত সেপ্টেম্বরে ক্ষমতায় আসা আশরাফ গনি দেশে কয়েকদশকের সংঘর্ষের পর শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।
নভেম্বরের শুরুর দিকে জেনারেল জহিরও হামলার টার্গেট হয়েছিলেন। সে সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী তার কার্যালয়ে ঢুকে যায় এবং তার উপ-প্রধান পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। জেনারেল জহির হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন না।
এ সপ্তাহে কাবুলে কয়েক দফা হামলায় সোমবার দুই মার্কিন সেনা এবং বৃহস্পতিবার ব্রিটিশ দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছে। এছাড়াও হতাহত হয়েছে আরো বহু আফগান।
কাবুলে সর্বসাম্প্রতিক এ হামলাগুলো সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করেছেন বিবিসি’র এক সংবাদদাতা। তালেবান ও এর দোসররা সামরিক এবং বেসামরিক বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়ে কাবুলের ওপর চাপ জোরদার করেছে।