ঢাকা: মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের মধ্যে আওয়ামী লীগের কেউ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, “তারা (আওয়ামী লীগ) সীমানা অতিক্রম করে মুক্তিযোদ্ধা হয়েছে।”
বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমই আমাদের অনুপ্রেরণার উৎস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নিজের ইচ্ছামতো ইতিহাস লিখছে দাবি করে ড. মঈন বলেন, “এটা শুধু আমার কথা না, দেশের বাইরে এটা বলা হচ্ছে, লেখা হচ্ছে।” তিনি বলেন, “৬৫, ৬৬ বছর যতই হোক, কেউ বলতে পারবেন না তাদের (আওয়ামী লীগ) নেতা ঘোষণা করে মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু জিয়াউর রহমান তা করেছেন।”
আওয়ামী লীগকে ইঙ্গিত করে মঈন বলেন, “মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের মধ্যে তাদের কেউ ছিল না। তারা সীমানা অতিক্রম করে মুক্তিযোদ্ধা হয়েছে। যেভাবেই আওয়ামী লীগ ইতিহাস লিখুক না কেন, একদিন বাংলাদেশের সঠিক ইতিহাস লেখা হবে।”
টিআইবির প্রতিবেদনে দুর্নীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থান উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “স্বাধীনতার ৪৩ বছরে বাংলাদেশের অর্জন আওয়ামী লীগের দুর্নীতি। তার প্রমাণ বর্তমান সরকারের অবস্থান।”
মঈন খান বলেন, “অর্থনৈতিক দিক থেকেও গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে একদলীয় বাকশাল। এখন যে সংসদের কথা বলা হচ্ছে, তা ভুয়া সংসদ। তাই সরকারও ভুয়া।”
‘গণতন্ত্র ছাড়াই দেশে উন্নয়ন করা হবে’ সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে ড. মঈন বলেন, “গণতন্ত্র ছাড়া ১৬ কোটি মানুষের উন্নয়ন না, ১২২ পরিবারের উন্নয়ন হবে।”
মুক্তিযুদ্ধের প্রয়োজন এখনো শেষ হয়নি দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “নতুন প্রজন্মকে নিয়ে আবারও মুক্তিযুদ্ধ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এটি শুধু বিএনপির জন্য নয়, ১৬ কোটি মানুষের জন্য প্রয়োজন।”
সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, বিএনপির নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।