সিসি নিউজ: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব মো. রেজাউল মোস্তফার নেতৃত্বে সংগঠনের অন্য কর্মীরা ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল হকের কক্ষ ঘেরাও করেন।
এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, অনতিবিলম্বে যদি নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল না করা হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
সংগঠনের মহাসচিব মো. রেজাউল মোস্তফা তাদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাতিলের দাবিতে আমরা সিস্টেম ম্যানেজারের কক্ষ ঘেরাও করেছিলাম। তবে তিনি বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়ার পর আমরা আন্দোলন থেকে সরে আসি।’
রেজাউল মোস্তফা আরো বলেন, ‘নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান ওয়েবসাইটে সেটি উল্লেখ থাকতে হবে। কিন্তু এটিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে রূপ দিতে ইসির সিস্টেম অ্যানালিস্ট কাজী মুহাম্মদ জিয়াউল হক বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছেন। বর্তমান পরিস্থিতি দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, তার ব্যক্তিগত স্বার্থে ওয়েবসাইটের নাম পরিবর্তন করা হচ্ছে।’
ইসির ওয়েবসাইটটি (www.ecs.gov.bd) ডোমেইনে বহুদিন যাবৎ চালু আছে। কিন্তু হঠাৎ করেই নির্বাচন কমিশন তাদের ওয়েব ঠিকানা পরিবর্তন করে (www.ec.org.bd) তে আসতে চাচ্ছে। এ বিষয়টি জানার পরপরই কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ প্রতিবাদ জানায়।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ ২০১৩ সালে নির্বাচন কমিশনের নামও পরিবর্তন করেন। এরপর নির্বাচন কমিশনার আবদুল মোবারক ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তনের বিষয়টি সামনে আনেন। একই বছরের ১১ মার্চ তিনি সিইসিকে একটি অফিসিয়াল নোট দেন।