ঢাকা: বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রধান কার্যালয় ঘেরাও করেছে রাজধানীর দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার বিকেল থেকে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ঘেরা করে ক্ষুব্ধ শ্রমিকরা।
জানা গেছে, বিকেল ৪টার পর থেকে বিজিএমইএ কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করে উত্তর বাড্ডা এলাকার সুনডি নিটওয়্যার ও টোপাজ গার্মেন্টসের শ্রমিকরা।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা জানান, সুনডি কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাননি। বেতন নিয়ে অনেকদিন ধরেই গড়িমসি করে আসছেন কারখানা কর্তৃপক্ষ।
এছাড়া বেতন টোপাজ কারখানার শ্রমিকরাও পাচ্ছেন না বলে তিনি জানান।
বিষয়টি সমাধানের লক্ষ্যে গত সপ্তাহেও বিজিএমইএ ভবনে এসে দাবি জানিয়েছিলেন শ্রমিকরা।
তখন এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন বিজিএমইএ কর্মকর্তারা। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমাধান না হওয়ায় বিজিএমইএ ভবন ঘেরাওয়ে বাধ্য হন শ্রমিকরা।