• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

বীরগঞ্জে যাকাত দেওয়ার নামে টাকা আত্মসাত

Attoসিসি নিউজ: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি প্রতারক চক্র যাকাতের টাকা বিতরণের কথা বলে সাড়ে ছয়শ দরিদ্র মানুষের টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতারিত কয়েকজন এ অভিযোগ করেন। প্রতারিতরা টাকা ফেরত পেতে মামলা করার পর তাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জরিনা বেগম। তার সঙ্গে রোজিনা, হাজেরা, মাবিয়া, জবেদা, হামিদাসহ প্রায় অর্ধশত মহিলা উপস্থিত ছিলেন।  বক্তব্যে জরিনা বেগম জানান, বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের চকবানারশি গ্রামের ইসমাইল হোসেন, আইনুল হক খোকন, আব্দুর রউফ ও আব্দুস ছামাদ  এ চারজন চকবানারশি, গন্ডারঝাড়া, বলরামপুর এবং মহনপুর ইউনিযনের বড়হাট গ্রামের দরিদ্র মহিলাদের জানায় যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের যাকাতের টাকা বাংলাদেশে বিতরণ করা হবে।

ওইসব দেশে যাকাতের টাকা নেওয়ার লোক নেই বলে তারা এসব টাকা বাংলাদেশে পাঠিযে দেয় বলে এ প্রতারকরা জানায়। তারা বীরগঞ্জে ওই টাকা বিতরণের দায়িত্ব পেয়েছে বলেও প্রতারিতদের জানায়। সেপ্টেম্বর মাসে এসব টাকা গ্রহণের একটি ফরম বিতরণ করা হয় এবং ওই ফরমসহ প্রত্যেকের কাছ থেকে ৭শ টাকা করে নেওয়া হয়। বিষয়টি বিশ্বাসযোগ্য করতে প্রতারক আব্দুস ছামাদ তার বাড়িতে মহিলাদের এনে ছবিও তোলে। এভাবে চক্রটি ওই গ্রামগুলো থেকে সাড়ে ৬শ দরিদ্র মানুষ থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার জানান, তিনি ঘটনা জানেন, তবে কেউ পরিষদে অভিযোগ না করায় তার করার কিছু নেই। বীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন জানান, এ ঘটনায় ইসমাইল হোসেন, আইনুল হক খোকন, আব্দুর রউফ ও আব্দুস ছামাদকে আসামি করে আদালতে মামলা করা হলে আদালত থানাতে তার তদন্ত করতে বলে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান তিনি। এ ব্যাপারে কথা বলতে আব্দুস ছামাদেকে ফোন করে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ