নওগাঁ : নওগাঁয় কারাগারে সুভাষ পাহান (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুভাষ পাহান জেলার বদলগাছী উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মৃত দানেশ পাহানের ছেলে।
এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের জেল সুপার সায়েম উদ্দিন জানান, মঙ্গলবার একটি মাদক মামলায় বদলগাছী থানা পুলিশ সুভাষকে গ্রেফতার করে। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে আনা হয়। কারাগারে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য সন্ধ্যায় নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সুভাষ পাহান মারা যান।
তিনি আরো জানান, মৃত্যুর পর সুভাষের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ ও কারাকর্তৃপক্ষের হেফাজতে সুভাষের মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক বলে দাবি করেছেন স্থানীয় আদিবাসী নেতারা।
এ বিষয়ে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল জানান, শারীরিকভাবে সুস্থ অবস্থায় নিজ বাড়ি থেকে গ্রেফতার হন সুভাষ। ফলে তার মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।