সিসি নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কয়েকজন সাবেক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। কয়েকজন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
তবে বিএনপি সূত্র এবং উপস্থিত সচিবদের কেউ বৈঠকের বিষয়টি স্বীকার করেননি। রাত সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে ১২টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা ঘিরে ধরলে তিনি বলেন, ‘আমাদের রেগুলার মিটিং হয়েছে।’
বর্তমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এ ধরনের বৈঠক হয়নি।’ ২০ জন সাবেক সচিব আমাদের দলে আছে এটা আপনারা জানেন? সাংবাদিকদের উদ্দেশ্যে এ প্রশ্ন ছুড়ে কার্যালয় ছেড়ে চলে যান ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা শিডিউল কোনো বৈঠক ছিল না। সাবেক অনেক সচিব আছেন যারা কার্যালয়ের কর্মকর্তা। তারা নিয়মিত এখানে আসেন।’
বর্তমান সচিবদের সঙ্গে বৈঠক হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বর্তমান কোনো সচিবকে চিনি না। যদি কার্যালয়ে বর্তমান সচিবদের কেউ এসে থাকে তাহলে সরকার তা বলতে পারবে।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব এমএ হালিম বলেন, ‘এখানে আমাদের সিডিউল কোনো বৈঠক ছিল না। নিয়মিত যেমন আসি তেমনি আমরা ম্যাডামের সঙ্গে দেখা করেছি।’
এখানে সচিবদের বৈঠক হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কই না তো, এমনতো কোনো বৈঠকের খবর জানি না। না, ওইরকম কিছু ছিল না।’ এ সময় বৈঠকে কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে জানতে চাইলে তিনি তাতে অস্বীকৃতি জানান।
বৈঠককালীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাবিউদ্দিন আহমেদ ও এমএ কাইয়ূম কার্যালয়ে উপস্থিত ছিলেন।
সাধারণত কোনো বৈঠক বা কর্মসূচি থাকলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে বিধি-নিষেধ থাকে না। কিন্তু বৃহস্পতিবার রাতের সচিবদের নিয়ে বৈঠকের খবর জানতে পেরে সাংবাদিকরা কার্যালয়ের সামনে জড়ো হলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।