
সিসি ডেস্ক: শহর প্রকল্পের আওতায় বৈদ্যুতিক সংস্কার কাজ করতে গিয়ে মমিনুর ইসলাম (২৮) নামের এক লাইনম্যান তার বাম হাত হারিয়েছেন। ডান হাতের অবস্থাও শোচনীয়।
শনিবার সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের বনফুল হোটেলের কাছে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার এ ঘটনা ঘটে। আহত মমিনুর ঠিকাদারী প্রতিষ্ঠান তামান্না এন্টার প্রাইজের কর্মী। তিনি রংপুরের তামফাট পাড়া এলাকার হাসান আলীর ছেলে।
জানা যায়, বৈদ্যুতিক খুঁটিতে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে তারে আটকে যায়। এর ফলে তার বাম হাত কব্জি পর্যন্ত পুড়ে হাত থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় এবং ডান হাতের অনেকাংশ পুড়ে বিদ্যুতের তারে আটকে যায়। পরে নীলফামারী দমকল বিভাগের কর্মীরা সংজ্ঞাহীন অবস্থায় মমিনুর ইসলামকে খুঁটি থেকে নামিয়ে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। উৎস: শীর্ষনিউজ