খেলাধুলা ডেস্ক: টানা চার ম্যাচ জিতে এএইচএফ কাপ (জুনিয়র) হকি টুর্নামেন্টের ফাইনালে ওঠেছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলংকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট লাভ করে বাংলাদেশ।
এ জয়ের ফলে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই কোনোরকম সমীকরণ ছাড়াই সরাসরি ফাইনালে স্বাগতিকরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ৭ পয়েন্ট সংগ্রহকারী ওমান। মাত্র দু’ম্যাচ জয়, একটিতে ড্র ও এক ম্যাচে হেরে গেলেও গোল ব্যবধানে চাইনিজ তাইপেকে পেছনে ফেলে ফাইনালের যোগ্যতা অর্জন করে ওমান।
রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ।
শনিবার লিগ পদ্ধতির শেষ ম্যাচে শ্রীলংকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচে ফজলে রাব্বি ও রোমান দু’টি করে এবং মিলন, কৌশিক ও আশরাফুল একটি করে গোল করেন।
ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। যার ফল তারা ১৩ মিনিটেই পেয়ে যায়। সারোয়ারের পাওয়ার হিটে আসা বলে দুর্দান্ত এক হিট করে গোলে পরিণত করেন মিলন (১-০)। এতেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মিনিট চারেক পর মিলনের হিটের বলে কানেক্ট করে ব্যবধান দ্বিগুণ করেন কৌশিক (২-০)। ২২ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে মিলনের পুশের বল স্টপ করান সারোয়ার। সেই বলে চমৎকার ড্রাগ অ্যান্ড পুশ করে গোলে পরিণত করেন আশরাফুল (৩-০)। ছয় মিনিট পর রাব্বির রিভার্স হিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ (৪-০)। এই ব্যবধানেই বিরতিতে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দাঁড়াতেই পারেনি শ্রীলংকা। এই অর্ধে তারা আরও তিনটি গোল হজম করে। ম্যাচের ৪৪ মিনিটে ফজলে রাব্বির পাস থেকে রোমানের ফ্লিকে ব্যবধান দাড়ায় ৫-০তে। মিনিট তিনেক পর রোমানের পাসে রাব্বি নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে ষষ্ঠ গোল করেন (৬-০)। ম্যাচের ৬৪ মিনিটে শ্রীলংকার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোমন। ফজলে রাব্বির পাস থেকে চমৎকার হিটে গোল করেন তিনি (৭-০)। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এদিকে ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে চাইনিজ তাইপের সঙ্গে ১-১ গোলে ড্র করে ওমান। দু’ম্যাচে জিতে ও একটিতে ড্র করে দু’দলেরই পয়েন্ট থাকে সাত করে। কিন্তু গোল ব্যবধানে ফাইনালে ওঠে যায় ওমান। কারণ ১১ গোলের বিপরীতে তারা হজম করেছে ১০ গোল। আর নয় গোলের বিপরীতে তাইপেকে হজম করতে হয়েছে ১৩ গোল। ফলে প্লাস এক গোলের ব্যবধানই ওমানকে ফাইনালে যেতে সহযোগিতা করে।
রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ১১-৩০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চায়নিজ তাইপে ও শ্রীলঙ্কা। দুপুর ২-৩০টায় ফাইনালে লড়বে বাংলাদেশ ও ওমান।