সিসি নিউজ: বাংলাদেশ শ্রমিকলীগ সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ৩০টি ভুমিহীন পরিবার। রেলের পতিত জায়গায় দীর্ঘদিন ধরে বসবাসকারী ভুমিহীন পরিবারগুলোকে ওই শ্রমিকলীগ নেতা সাত দিনের মধ্যে উচ্ছেদের হুমকি প্রদান করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
রবিবার সকালে সৈয়দপুর রেলের পতিত জায়গায় গড়ে উঠা গফুর বস্তির নারী-পুরুষরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভকারীরা জানায় তারা দীর্ঘদিন ধরে শহরের রেলের পতিত জায়গায় সাহেব পাড়াস্থ গফুর বস্তিতে কোন রকম মাথা গোজার ঠাঁই করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি এই বস্তির পাশ্ববর্তী রেলওয়ে কারখানার একটি জায়গা দখল করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন। সেখানে তিনি তার পিতার নামে “সামসুল হক মেমোরিয়াল একাডেমী” নামের একটি বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়টি স্থাপনের পর থেকে বিদ্যালয় সংলগ্ন গফুর বস্তির লোকজনকে অন্যত্র সরিয়ে যেতে হুমকি প্রদান করে আসছেন তিনি। গফুর বস্তির মৃত সৈয়দ আলীর পুত্র সাহিদুল ও মৃত ইয়াসিন আলীর পুত্র বক্কর জানান গত ৩ ডিসেম্বর ওই শ্রমিক লীগ নেতার লোকজন আবারও বস্তিতে এসে সাত দিনের মধ্যে ঘরবাড়ী অন্যত্র সরিয়ে নেয়া না হলে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে বলে হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে শ্রমিকলীগ নেতা মোকছেদুল মোমিন পিতার নামে রেলের জায়গায় বিদ্যালয় করার কথা স্বীকার করে বলেন, বস্তিবাসিদের উচ্ছেদের কোন হুমকি দেয়া হয়নি।