খেলাধুলা ডেস্ক: মাস দুয়েক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে যখন ইউনিস খানকে বাদ দেয়া হয়েছিল তখন সবাই তার ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নকে বাতিলের খাতায় ফেলে দেন। কিন্তু টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ‘অসাধারণ’ পারফরমেন্স করে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের আগে ওয়ানডে দলে ডাক পাওয়ায় বিশ্বকাপে খেলার স্বপ্নও জেগে ওঠে ডান-হাতি এই ব্যাটসম্যানের। দলে ফিরতে পেরে নিজের সন্তুষ্টির কথাও জানান ইউনিস।
ইউনিস বলেন, “দলে ফিরতে পারায় আমি সুখী মানুষদের একজন। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমি ভালো করবো এবং আগামী বছরের বিশ্বকাপে ভালো খেলবো, যেটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে প্রথমে এগিয়ে গিয়ে হতাশাজনকভাবে সিরিজ দুটি ড্র হলেও ওয়ানডে সিরিজে জয়ের ব্যাপারে আশাবাদী ইউনিস।
তিনি বলেন, “আমরা ওয়ানডে সিরিজের ট্রফি ভাগাভাগি করতে চাই না। আমি আশা করি পাকিস্তান ওয়ানডে সিরিজে ভালো করবে। আমাদের ‘দুর্দান্ত’ কিছু খেলোয়াড় রয়েছে যেটা আপনারা টি-টোয়েন্টিতে দেখেছেন। আশা করি এরাই ওয়ানডে সিরিজে দলের জন্য সাফল্য বয়ে আনবে।”
এ সময় ১৯৯২ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আশাবাদ ঝরে ইউনিস খানের কণ্ঠে। তিনি বলেন, “বিশ্বকাপ জয়ের আমাদের ভালো সুযোগ রয়েছে। কারণ, আমাদের কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে। অনেকেই বলে থাকেন, উপমহাদেশের দলগুলো বাউন্সি পিচে ভালো খেলতে পারে না। কিন্তু আপনি আমাদের দিকে তাকান, গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদেরকে তাদের বাউন্সি পিচে আমরা ওয়ানডে সিরিজে হারিয়ে এসেছি।”
প্রসঙ্গত, পাকিস্তান ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়। এবারও সেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারেন মিসবাহ-ইউনিসরা। -ওয়েবসাইট