
ডোমার প্রতিনিধি: নীলফামারীতে ১৮ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলার ডোমার-ডিমলা সড়কের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের শালকী নদীর বোড়াগাড়ী ব্রিজের নিকট হতে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার ব্রিজের পশ্চিম তীরে এলাকাবাসী শুকনো জমিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। লাশটির পরনে ছিল মেরুন রঙের ফুল প্যান্ট, কালো জ্যাকেট, সাদা ফুলহাতা শার্ট ও মাথায় কালো রঙের টুপি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, নিহতের পরিচয় জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাকে রাতের কোনো এক সময় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু জানান, সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তবে লাশের পরিচয় জানা যায়নি।